বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিল ছেলে

ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সাইফ হোসেন (১৬) নামে এক পরীক্ষার্থী। সোমবার (১১ মে) সকাল ১০টায় বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষায় অংশ নেয় সে।
সাইফ উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামে। সে আবদুল বাসেতের ছেলে।
স্বজনদের সূত্রে জানা যায়, আবদুল বাসেত (৫৪) স্থানীয় মাটিকাটা পুরাতন জামে মসজিদ (ছাতা মসজিদ) পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। কৃষিকাজের পাশাপাশি পাসপোর্টের এজেন্ট হিসেবেও কাজ করতেন। গত বৃহস্পতিবার সকালে তিনি বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
আজ সোমবার ভোর ৫টার দিকে তার মরদেহ বাড়িতে আনা হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, স্বজন ও পরিচিতরা সকাল থেকেই বাড়িতে ভিড় করেন। এমন শোকাবহ পরিস্থিতির মধ্যেও পরিবারের সদস্যরা সাইফকে পরীক্ষায় অংশ নিতে উৎসাহ দেন।
বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব নজরুল ইসলাম জানান, পরীক্ষার হলে বসে অধিকাংশ সময়ই কান্না করছিল সাইফ। তিনি বলেন, “আমি ও আরেকজন শিক্ষক তাকে সাহস ও মানসিক সমর্থন দেওয়ার চেষ্টা করেছি।”
পরীক্ষা শেষে কান্নাজড়িত কণ্ঠে সাইফ বলে, “আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। পরীক্ষায় অংশ নিলেও বারবার আব্বার কথাই মনে পড়ছিল।”
এদিকে সোমবার দুপুর ২টা ২০ মিনিটে মাটিকাটা পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে আবদুল বাসেতকে মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
আবদুল বাসেতের চাচাতো ভাই ও ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




