সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২২৫ জন প্রার্থীর নির্বাচনী খরচ এবং দলের মোট ব্যয়ের চূড়ান্ত হিসাব বিবরণী নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১২ মে) দুপুরে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসাবসংক্রান্ত নথিপত্র হস্তান্তর করেন।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত হিসাব বিবরণী অনুযায়ী জামায়াতের নির্বাচনী ব্যয়ের প্রধান তথ্যগুলো নিচে দেওয়া হলো-

  • মোট ব্যয়: ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা।

  • প্রার্থীদের অনুদান: ২২৫ জন প্রার্থীর জন্য দল থেকে মোট ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। গড়ে প্রতি প্রার্থী প্রায় দেড় থেকে ২ লাখ টাকা করে পেয়েছেন।

ইসি-তে জমা দেওয়া নথিতে ব্যয়ের বিভিন্ন নির্দিষ্ট খাতের উল্লেখ করা হয়েছে- যেমন

  • প্রচারণা: ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা (ইশতেহার ডিজাইন, মুদ্রণ, বিজ্ঞাপন ইত্যাদি)।

  • জনসভা ও সফর: ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা।

  • আবাসন ও প্রশাসন: ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা।

  • অন্যান্য: স্টাফ খাতে ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং বিবিধ খাতে ২ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে।

এছাড়াও সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন এবং নির্বাচনী সামগ্রী পরিবহনের খরচও এই হিসাবের অন্তর্ভুক্ত রয়েছে। আইন অনুযায়ী নির্বাচনের পর নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের এই হিসাব জমা দিল দলটি।