বিদেশে থাকলেও জাইমার মধ্যে বিদেশি প্রভাব নেই- তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মেয়ে জাইমা রহমান। ছবি- সংগৃহীত;
বিদেশে বড় হলেও পরিবার ও সঠিক মানসিকতার কারণেই তার মেয়ে জাইমা রহমানের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতির নেতিবাচক প্রভাব পড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই কর্মশালায় তিনি দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ ও পারিবারিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী তার মেয়ের উদাহরণ টেনে সন্তানদের ওপর পারিবারিক শিক্ষার প্রভাব ব্যাখ্যা করেন। তিনি বলেন, জাইমা রহমান দীর্ঘ ১৭ বছর ইংল্যান্ডে অবস্থান করলেও তার কথা-বার্তায় বিদেশের প্রভাব খুঁজে পাওয়া যাবে না। এটি মূলত পরিবারের দেওয়া শিক্ষা এবং মানসিকতার বহিঃপ্রকাশ। বিদেশে থেকেও নিজের শেকড় ও পরিচয় ধরে রাখা সম্ভব, যদি পরিবার থেকে সঠিক মূল্যবোধ ও নিজস্ব সংস্কৃতিচর্চার পরিবেশ নিশ্চিত করা হয়।
কর্মশালায় প্রধানমন্ত্রী বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে একটি টেকসই রোডম্যাপ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক উৎকর্ষতা অর্জনে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, বরং শিক্ষার্থীদের ব্যক্তিগত ও সাংস্কৃতিক সত্তার উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




