পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। সোমবার (১১ মে) ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এই বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

মঙ্গলবার (১২ মে) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শুভেচ্ছা বার্তায় জি এম কাদের শুভেন্দু অধিকারীর নির্বাচনী জয়কে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অধ্যবসায় এবং নন্দীগ্রাম আন্দোলনের মতো কঠিন সময়ে তার নেতৃত্বের দৃঢ়তাই জনগণের এই আস্থা অর্জনে সহায়তা করেছে।

শুভেন্দু অধিকারীর বাবা, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শিশির কুমার অধিকারীর অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের পারিবারিক সেবার ঐতিহ্যই শুভেন্দুর রাজনৈতিক ভিত্তি গড়ে দিয়েছে।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষাগত ও সাংস্কৃতিক ঐক্যের ওপর জোর দিয়ে জি এম কাদের আশা প্রকাশ করেন যে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে। সাংস্কৃতিক বিনিময় ও মানবিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।

জাপা চেয়ারম্যান তার বার্তার শেষে শুভেন্দু অধিকারীর নতুন মেয়াদে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং দুই বাংলার সৌহার্দ্য ভবিষ্যতে আরও বাড়ার আশাবাদ ব্যক্ত করেন।