লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে বর্ডার সিকিউরিটি ফোর্স ও স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ এর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার দুপুরে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের ৮৭৩ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩–সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে কয়েকটি বাংলাদেশি গরু ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফ সদস্যরা গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, এ সময় ভারতীয় কয়েকজন নাগরিকও লাঠিসোটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হন। এতে পুরো সীমান্তজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত করেন। পরে বিএসএফ সদস্যরা নিজ নিজ ভূখণ্ডে ফিরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা হয়েছিল। পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিম বলেন, “সামান্য ভুল–বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি সমাধান হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”