প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত ১৮ দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবিঃ সংগৃহীত
ঢাকায় নিযুক্ত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)ভুক্ত ১৮টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১২ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ওআইসি সদস্য দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধিরা তারেক রহমান -কে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। পাশাপাশি তারা বাংলাদেশ ও ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। প্রতিনিধিরা বাংলাদেশকে ভবিষ্যতেও উন্নয়ন ও সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান কূটনৈতিক প্রতিনিধিদের বক্তব্যকে স্বাগত জানিয়ে ওআইসি সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে মুসলিম বিশ্বের এই দেশগুলোর সম্পর্ক দীর্ঘদিনের এবং ভবিষ্যতে তা আরও গভীর ও কার্যকর করার সুযোগ রয়েছে।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে ওআইসি দেশগুলোর সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের কথা স্মরণ করেন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশের রাষ্ট্রদূত এবং ইরান, ইরাক ও লিবিয়ার কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




