বরিশালে স্ত্রীর পরকীয়া সইতে না পেরে বিষপানে স্বামীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ। ছবি- সংগৃহীত
বরিশালের হিজলায় স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে ব্যর্থ হয়ে অভিমান করে বিষপান করার দুই দিন পর সাইদুল সরদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সাইদুল সরদার হিজলা ও মুলাদী উপজেলার সীমান্তবর্তী চরপত্তনীভাঙা গ্রামের সামছুল হক সরদারের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাইদুলের স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। নিহতের বাবা সামছুল হক সরদার জানান, স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে সাইদুল এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। গত রোববার দুপুরে আবারও মোবাইল ফোনে কথা বলা নিয়ে স্ত্রীর সাথে সাইদুলের তীব্র ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ওই দিন বেলা ৩টার দিকে ঘরে ঢুকে বিষপান করেন সাইদুল।
অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রোববার সন্ধ্যায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন লড়াই করার পর মঙ্গলবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষপানে অসুস্থ ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় বরিশালের হিজলায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




