বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে সুইডেন। তবে ঘোষিত দলে বড় কোনো চমক না থাকলেও আলোচনার জন্ম দিয়েছে বার্সেলোনার তরুণ উইঙ্গার রুনি বার্দগির বাদ পড়া।

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ২৬টি ম্যাচ খেললেও শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি এই উইঙ্গারের। তার না থাকা ফুটবল ভক্তদের কাছে কিছুটা বিস্ময় হিসেবেই দেখা হচ্ছে।

এদিকে, হাঁটুর চোটে প্রায় এক বছর মাঠের বাইরে থাকা টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড দেইয়ান কুলুসেভস্কিকে নিয়েও কোনো ঝুঁকি নেননি প্রধান কোচ গ্রাহাম পটার। পুরোপুরি ফিট না হওয়ায় তাকেও রাখা হয়নি চূড়ান্ত দলে।

তবে ইনজুরি কাটিয়ে ফেরা লিভারপুল তারকা আলেকসান্দার ইসাক জায়গা পেয়েছেন সুইডেনের বিশ্বকাপ স্কোয়াডে। তার অন্তর্ভুক্তি দলকে আক্রমণভাগে বাড়তি শক্তি দেবে বলেই মনে করছেন সমর্থকরা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। ‘এফ’ গ্রুপে থাকা সুইডেন তাদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন তিউনিসিয়ার বিপক্ষে। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও জাপান।

প্রাইমটিভি/এনজি