এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ : যাত্রী কল্যাণ সমিতি

ছবিঃ সংগৃহীত
চলতি বছরের এপ্রিল মাসে সারা দেশে ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত এবং ১ হাজার ২৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য জানান সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
প্রতিবেদনে বলা হয়, একই সময়ে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হন। নৌ-পথে ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১ হাজার ২৭৯ জন আহত হয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এপ্রিল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ১৩৫টি দুর্ঘটনায় ১৩৭ জন নিহত এবং ২৬৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ১৭টি দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৬৪ জন আহত হয়েছেন।
সংগঠনটি জানায়, তাদের দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণ করে এই তথ্য সংগ্রহ করেছে। তবে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, যা সংবাদমাধ্যমে প্রকাশ না হওয়ায় সম্পূর্ণভাবে নথিভুক্ত করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, মোট দুর্ঘটনার ৩৮.৫১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩১.৪৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২২.৯৬ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়া ঢাকা মহানগরীতে ৫.৬৯ শতাংশ, চট্টগ্রাম মহানগরীতে ০.৭৫ শতাংশ এবং রেলক্রসিংয়ে ০.৫৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




