চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নগরের পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।

নিহত কাউসার আহমেদ আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তবে কাউসারের পরিবার ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের অভিযোগ, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই তাকে অপহরণের পর হত্যা করা হয়।

ছাত্রলীগ নেতা তালুকদার পারভেজ আনসারী অভিযোগ করে বলেন, “ছাত্রলীগ করার অভিযোগে বিএনপি-জামায়াতের লোকজন কাউসারকে অপহরণের পর হত্যা করে। পরে তার মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়।”

তবে এ বিষয়ে এখনো কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য জানায়নি পুলিশ।

নগরের পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই মো. শাহীন বলেন, “ফ্লাইওভার থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় কাউসার নামে একজনের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইমটিভি/এনজি