বাবার লালসার শিকার মেয়ে, মায়ের অভিযোগে গ্রেপ্তার

ওসমান মোল্লা । ছবিঃ সংগৃহীত
বরগুনার আমতলী উপজেলায় ১৩ বছর বয়সী নিজ কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগে ওসমান মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওসমান মোল্লা গত ১৮ বছর আগে বিয়ে করেন। তার সংসারে ১৩ বছর বয়সী এক মেয়ে এবং ৮ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
গত ২৪ এপ্রিল রাতে ওসমান মোল্লা তার কিশোরী মেয়েকে ধর্ষণ করেন। ওই সময় তার স্ত্রী বিষয়টি টের পেয়ে যান। পরদিন সকালে স্বজনদের কাছে বিষয়টি প্রকাশ করলে অভিযুক্ত ওসমান কৌশলে এলাকা ছেড়ে পালিয়ে যান।
ঘটনার পর দীর্ঘ সময় পলাতক থাকার পর ওসমান মোল্লা সম্প্রতি বাড়িতে ফিরে আসেন। খবর পেয়ে ভুক্তভোগী কিশোরীর মা দ্রুত আমতলী থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, "ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটি জানিয়েছে, সে একাধিকবার তার বাবার হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি এবং বুধবার (১৩ মে) তাকে আদালতে সোপর্দ করা হবে।"
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




