আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব শিল্প-কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস আগামী ২১ মে’র মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে শ্রমিকদের মাসিক বেতনও নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার সিরড্যাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৫তম এবং তৈরি পোশাক (আরএমজি) খাতবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৪তম সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার। সভায় শ্রমিক নেতারা বলেন, সময়মতো বেতন ও বোনাস পরিশোধ করা হলে শিল্পাঞ্চলে কোনো ধরনের অসন্তোষ বা শ্রমিক আন্দোলনের আশঙ্কা থাকবে না। তবে যেসব কারখানায় এখনো বকেয়া বেতন রয়েছে, সেগুলোর বিষয়ে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ সময় শ্রমিক প্রতিনিধিরা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ বাস, ট্রেন ও লঞ্চ সার্ভিস চালুরও দাবি জানান।

জবাবে শ্রমমন্ত্রী বলেন, “শ্রমিকদের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সরকার বদ্ধপরিকর। সড়কে অতিরিক্ত চাপ ও যানজট এড়াতে মালিক ও শ্রমিকপক্ষের সমঝোতার ভিত্তিতে ধাপে ধাপে কারখানাগুলো ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, বেতন-বোনাস পরিশোধ এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও শিল্প পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের এই উদ্যোগে ঈদকে সামনে রেখে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।