পটুয়াখালীর বাউফল উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার কিশোরীকে চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার অভিযানের পর জানা যায়, তারা নিখোঁজ ছিল না বরং পরিকল্পনা করেই গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে এসেছিল।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া কিশোরীদের মধ্যে তিনজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং একজন অষ্টম শ্রেণিতে পড়ে। তাদের মধ্যে তিনজন একই শিক্ষাপ্রতিষ্ঠানের এবং অপরজন পাশের একটি উচ্চবিদ্যালয়ের ছাত্রী। গত রোববার রাতে চার কিশোরী নিখোঁজ হওয়ার পর তাদের পরিবার বাউফল থানায় সাধারণ ডায়েরি করে। এরপর বিষয়টি জানানো হয় গাজীপুরের কালিয়াকৈর থানাকে।

পরবর্তীতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করার সময় তাদের শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে এসেছে এবং গার্মেন্টসে কাজ করার পরিকল্পনা ছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তারা চাকরির জন্য প্রয়োজনীয় জীবনবৃত্তান্ত তৈরি করতে গেলে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশকে জানানো হয়। এরপর মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের হেফাজতে নেয়।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার বলেন, তারা নিখোঁজ নয়, বরং পরিকল্পনা করেই বাড়ি থেকে পালিয়ে এসেছে। পরে তথ্যের ভিত্তিতে তাদের উদ্ধার করা হয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরে বুধবার রাতে পরিবারের সদস্যরা গাজীপুরে পৌঁছালে চার কিশোরীকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

প্রাইমটিভি/এনজি