পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (১৫ মে) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এই প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি মো. সিদ্দিক, হোসাইন আহমাদ, ফেরদৌস আলম এবং জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন খানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্টের পর দায়িত্ব নেওয়ার পর দেশ পরিচালনায় নানা সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তি স্বচ্ছ নয় এবং এতে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।

তারা বলেন, “এটি কোনো সাধারণ সমঝোতা নয়, বরং ১০ বছরের একটি চাপিয়ে দেওয়া চুক্তির মতো। এতে কী আছে তা জাতির সামনে প্রকাশ করতে হবে। জনগণ অনুমোদন দিলে তা থাকবে, না হলে প্রত্যাহার করতে হবে।”

সমাবেশে বক্তারা আরও দাবি করেন, সরকার ও প্রধান রাজনৈতিক দলগুলো এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। তাদের ভাষায়, “বিদেশি প্রভাব বা চাপের কাছে দেশকে নত করা যাবে না।”

পশ্চিমবঙ্গ প্রসঙ্গে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেখানে মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। তারা এসব ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে নিন্দা জানান।

তারা বলেন, আধুনিক বিশ্বে কোনো ধরনের মানবতাবিরোধী কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ থাকা উচিত।

সমাবেশ শেষে বক্তারা উভয় বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানান।

প্রাইমটিভি/কেআর