বাংলাদেশ থেকে মাংস, পেঁয়াজ ও সবজি নিয়ে কানাডা বিমানবন্দরে ৩ যাত্রী আটক

ছবিঃ সংগৃহীত
কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে যাওয়া তিনজন যাত্রীর কাছ থেকে মাংস, দুগ্ধজাত পণ্য ও শাকসবজি জব্দ করেছে কর্তৃপক্ষ। এসব পণ্য ঘোষণা না করায় তাদের বিরুদ্ধে ১ হাজার ৩০০ কানাডীয় ডলার জরিমানা আরোপ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা।
বৃহস্পতিবার (১৪ মে) কানাডীয় সংবাদমাধ্যম টরন্টো সান এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (CBSA) জানায়, ধারলা, ওলগা ও থিও নামের তিনটি গোয়েন্দা কুকুর বাংলাদেশ থেকে আসা যাত্রীদের ব্যাগেজ তল্লাশির সময় এসব নিষিদ্ধ বা অঘোষিত খাদ্যপণ্য শনাক্ত করে। জব্দকৃত পণ্যের মোট ওজন ছিল প্রায় ৪৫ কেজি।
CBSA-এর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটে এ তিন যাত্রীর ব্যাগ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। তবে ঠিক কবে ঘটনাটি ঘটেছে তা স্পষ্ট করা হয়নি।
কর্তৃপক্ষ আরও জানায়, কানাডায় প্রবেশকারী সকল যাত্রী-নাগরিক, স্থায়ী বাসিন্দা বা পর্যটক—সবার জন্য খাদ্যপণ্য ঘোষণা করা বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে কাঁচা বা রান্না করা মাংস, দুধ ও দুগ্ধজাত পণ্য, ডিম, মাছ, পশুর চামড়া এবং অন্যান্য প্রাণিজ ও উদ্ভিদজাত পণ্য।
এ বিষয়ে টরন্টো সান সতর্ক করে জানায়, নিয়ম না মানলে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




