যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার আওতাধীন এলাকায় র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি নেশাজাতীয় কফ সিরাপসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্যও জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা সীমান্তবর্তী ঘিবা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ধান্যখোলা গ্রাম থেকে দুইজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১১৮ বোতল WINCEREX ও ৯৯ বোতল ESCUF ব্র্যান্ডের নেশাজাতীয় কফ সিরাপ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এদিকে একই দিনে বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি সদস্যরা ১২টি শাড়ি, দুটি থ্রি-পিস, দুটি কম্বল, ১৫টি পোশাক সামগ্রী, এক কেজি জিরা, এক প্যাকেট ফুসকা, ৭৮৬টি চকলেট এবং ২০৫টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন।

জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪২ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, “নিয়মিত অভিযানের মাধ্যমে পাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”