গাজীপুরের শ্রীপুরে সাত মাসের সন্তানের জন্য দুধ কিনতে বের হয়ে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অটোরিকশাচালক আসিফ হোসেন (২১)। গত বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ী গ্রামের একটি গজারি বনের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আসিফ ওই এলাকার হুমায়ুন আহমেদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে আসিফ তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন।যাওয়ার সময় তিনি সাত মাসের সন্তানের জন্য দুধ এবং পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটা করে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু রাত হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বজনরা গজারি বনের পাশে তার নিথর দেহ শনাক্ত করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ একটি ছুরি, স্যান্ডেল, ক্যাপ এবং একটি ওড়না উদ্ধার করেছে। আসিফের অটোরিকশাটি পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ছিনতাই বা পূর্ব শত্রুতার জেরে তাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। বর্তমানে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে। সন্তানের জন্য দুধ কিনতে গিয়ে বাবার এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শ্রীপুরের বাতাস।

প্রাইমটিভি/বিএম