রাজশাহীতে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশ থেকে সরকারকে কড়া বার্তা দিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী সরকারের যে পথে চলার সমালোচনা করা হয়েছিল, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

আজ (১৬ মে) গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত রাজশাহী বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটের রায় অগ্রাহ্য করা মানে দেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। গণভোটের রায় বাস্তবায়ন করলেই জনগণ ক্ষমা করবে।’

সরকারি দলের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘সংস্কারের প্রথম দফার সঙ্গেই আপনারাই গাদ্দারি করছেন। সাধারণ গুম কমিশনও আপনারা মানছেন না।’

সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “বাংলাদেশে যদি সংস্কার না করেন, তাহলে জনগণ আপনাদের গদি রাখবে না।

পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবি জানিয়ে তিনি বলেন, রাজশাহীবাসীর জীবন ও কৃষি বাঁচাতে পদ্মার পানি অত্যন্ত জরুরি।

পাশাপাশি পররাষ্ট্রনীতিতে ভারতের সঙ্গে ‘নতজানু নীতি’ গ্রহণ না করার আহ্বান জানান তিনি।

সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সীমান্তে হত্যা হলে কোনো জাতীয়তাবাদী বসে থাকতে পারে না।’

প্রাইমটিভি/এনজি