জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। একইসঙ্গে মামলায় আগামী ২৭ আগস্ট সূচনা বক্তব্য এবং ২৮ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। তিনি জানান, আবু সাঈদ হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ ও ২৮ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে।

মামলার ৩০ আসামির মধ্যে বর্তমানে ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তাঁরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

অন্যদিকে বাকি ২৪ আসামি পলাতক রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ, গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল, চিকিৎসক মো. সরোয়ার হোসেন, সাবেক সহকারী রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান, সাবেক সেকশন অফিসার মো. মনিরুজ্জামান পলাশসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও ছাত্রলীগের একাধিক সাবেক কর্মকর্তা ও নেতা।

আলোচিত এ মামলাটি জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অন্যতম আলোচিত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিবাদ সৃষ্টি হয়েছিল।

প্রাইমটিভি/এনজি