ট্রান্সফরমার সংস্কার, বৈদ্যুতিক কেবল লাইনের উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় বুধবার (১২ নভেম্বর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে ১১ কেভি উপশহর ফিডারের শাহজালাল উপশহর এ ব্লক, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, ব্লক সি, তেররতন এবং ব্লক জে-এর ট্রাফিক অফিসসহ সংলগ্ন এলাকাতেও বিদ্যুৎ থাকবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলে সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ বিভাগ।
প্রাইমটিভি/এমএইচ