আগামী জুন মাসে ঘোষিতব্য জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য আরও বেশি বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, দলটি তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আপনারা দেখেছেন, আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইতোমধ্যে মানুষকে সেই কার্ড দেওয়া শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।”

বাংলাদেশের জনগণ বিশ্বাস ও আস্থার ভিত্তিতে বিএনপিকে নির্বাচনে বিজয়ী করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “মানুষের সেই বিশ্বাসের মূল্যায়ন করবে বিএনপি।”

উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, “আপনারা বিএনপির হাতকে আরও শক্তিশালী করুন। দেশের যেসব কাজ বাকি রয়েছে, বিএনপি পর্যায়ক্রমে সব সম্পন্ন করবে। আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

প্রাইমটিভি/কেআর