অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ ভারত থেকে দেশে আনার দায়িত্ব নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এয়ারলাইন্সটি বিনা খরচে তার মরদেহ চেন্নাই থেকে ঢাকায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে পরিবার।

কারিনার পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে অন্য একটি এয়ারলাইন্সের মাধ্যমে মরদেহ আনার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

দেশে পৌঁছানোর পর মরদেহ প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে তার বাসায় নেওয়া হবে। পরে বনানী ডিওএইচএস মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

কারিনার বাবা কায়সার হামিদ জানান, সোমবার মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়ায় তার নানার বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই দাফন সম্পন্ন করা হবে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। পরে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কারিনার বাবা জানান, হঠাৎ করেই তার রক্তচাপ কমে যায়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এর আগে তিনি রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের বরাতে পরিবারের সদস্যরা জানান, কারিনার ফুসফুসে তরল ও কফ জমে সংক্রমণ দেখা দেয়। অস্ত্রোপচারের মতো শারীরিক অবস্থায় তিনি ছিলেন না।

কারিনা কায়সার ‘এ’ লেভেল শেষ করে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন। দেশে ফিরে তিনি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পান এবং পরবর্তীতে অভিনয় ও চিত্রনাট্য রচনায় যুক্ত হন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

প্রাইমটিভি/এমএইচ