ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোসলেহ উদ্দিন আহমদ। চলতি বছরের ১৬ মার্চ তিনি সিআইডি প্রধান হিসেবে নিয়োগ পান এবং ২৫ মার্চ দায়িত্ব গ্রহণ করেন।

প্রায় দুই মাস ধরে ঢাকা মহানগর পুলিশের কমিশনার পদটি শূন্য ছিল। সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি অবসরে গেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন।

খাগড়াছড়ির রামগড় উপজেলার বাসিন্দা মোসলেহ উদ্দিন আহমদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ ও চট্টগ্রাম মহানগর পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্বে ছিলেন।

সিআইডিতে যোগ দেওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন তিনি।

পেশাগত জীবনে জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুর মিশনেও দায়িত্ব পালন করেছেন মোসলেহ উদ্দিন আহমদ।

ডিএমপির নতুন কমিশনার নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই পুলিশ প্রশাসনে আলোচনা চলছিল। আলোচনায় র‍্যাবের এডিজি ফারুক আহমেদের নামও শোনা গিয়েছিল। এর মধ্যেই গত বুধবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হন মোসলেহ উদ্দিন আহমদ।

প্রাইমটিভি/এনজি