অবৈধ অনুপ্রবেশের সময় সীমান্তে সাবেক ডিজি আটক, গণ-অভ্যুত্থানের মামলায় গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস (৫৭)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রোববার তাকে আদালতে পাঠানো হয়।
পাটগ্রাম থানা-পুলিশ সূত্রে জানা যায়, অনুপ্রবেশের অভিযোগে দহগ্রাম আঙ্গরপোতার বঙ্গের বাজার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট, একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স, একটি বাটন ফোন এবং কিছু বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) হেফাজতে পাঠানো হয়।
পরে লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, “লালমনিরহাট সদর থানায় বহুল আলোচিত আগুনে পুড়ে ছয়জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।” রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের পর লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা সুমন খানের বহুতল ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর ঘটনায় ২০২৫ সালের ২৭ মে সদর থানায় একটি মামলা হয়। ওই মামলায় সাব্বির বিন শামসকে পরবর্তীতে যুক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আদালতে নেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে বলেন, তিনি ২০২০ সালের আগস্টে সিআরআই থেকে পদত্যাগ করেন এবং ২০২১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। প্রায় সাত মাস দায়িত্ব পালনের পর তিনি যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (পাবলিক ডিপ্লোমেসি) হিসেবে কাজ করেন এবং ২০২৩ সালে পদত্যাগ করে দেশে ফেরেন।
তার আইনজীবী রফিকুল ইসলাম জানান, তারা আদালতে জামিনের আবেদন করবেন।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




