দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ড. ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে রিট

ছবিঃসংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ আখ্যা দিয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। এতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের ভূমিকা তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন।
রিটে বলা হয়, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে গুরুতর অনিয়ম ও অবহেলার অভিযোগ রয়েছে। এ বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনেরও আবেদন জানানো হয়েছে।
এছাড়া কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদেরও রিটে বিবাদী করা হয়েছে।
এর আগে ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠান ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। নোটিশে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার উদ্যোগ নিতে বলা হয়েছিল। পরবর্তীতে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তিনি এই রিট আবেদন দায়ের করেন বলে জানান।
রিটকারী আইনজীবী বলেন, দেশে আবারও হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
রিটে যাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে তাদের মধ্যে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




