কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে পশুর হাটের প্রস্তুতি। এখনও আনুষ্ঠানিকভাবে হাট বসতে কয়েকদিন বাকি থাকলেও ঢাকার বিভিন্ন এলাকায় চলছে শেষ মুহূর্তের কাজ।

কোথাও তৈরি করা হচ্ছে অস্থায়ী অবকাঠামো, কোথাও সাজানো হচ্ছে পশু রাখার স্থান। এরই মধ্যে বিভিন্ন হাটে আসতে শুরু করেছেন পশু ব্যবসায়ীরাও। সন্ধ্যা নামতেই আলোকসজ্জায় প্রাণ ফিরে পাচ্ছে অস্থায়ী হাটগুলো। ক্রেতা-বিক্রেতাদের আনাগোনায় ধীরে ধীরে জমে উঠছে ঈদের আমেজ।

অনেকে আগেভাগেই পশু দেখে রাখছেন, আবার কেউ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে দেখছেন বাজারের পরিস্থিতি। হাটে শিশুদের উপস্থিতিও চোখে পড়ার মতো। পরিবার নিয়ে পশুর হাটে এসে অনেকেই বলছেন, কোরবানির ঈদের অন্যতম আনন্দই হলো এই হাটের প্রাণচাঞ্চল্য।

ব্যাপারীরা জানান, সময়মতো পশু পৌঁছানো এবং ক্রেতাদের সুবিধা নিশ্চিত করতে আগেই প্রস্তুতি নিচ্ছেন তারা। পশুর খাবার, পরিচর্যা ও নিরাপত্তার বিষয়েও রাখা হচ্ছে বিশেষ নজর।

রাজধানীর বিভিন্ন হাটে চলছে বাঁশের কাঠামো নির্মাণ, বিদ্যুৎ সংযোগ স্থাপন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। সংশ্লিষ্টদের দাবি, ঈদকে সামনে রেখে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে নির্ধারিত সময়ের আগেই অনেক প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

এদিকে ঢাকার দুই সিটি কর্পোরেশন জানিয়েছে, নির্ধারিত স্থানেই পশুর হাট পরিচালনা করা হবে। যান চলাচল স্বাভাবিক রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

সব মিলিয়ে, কোরবানির ঈদ ঘিরে রাজধানীর পশুর হাটগুলোতে এখন থেকেই দেখা যাচ্ছে উৎসবমুখর পরিবেশ।

প্রাইমটিভি/এনজি