ওমানে গাড়ির ভেতরে মারা যাওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার ভাইয়ের মরদেহ আগামীকাল মঙ্গলবার (১৯ মে) বিকেলে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

ওমানের বাংলাদেশ দূতাবাস ও চট্টগ্রাম সমিতির সহযোগিতায় একটি ফ্লাইটে মরদেহ দেশে আনার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

নিহতরা হলেন রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়ার মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ সিরাজ ও মুহাম্মদ শহিদ।

এর আগে, গত বুধবার ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ওমানে বসবাস করছিলেন। সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও পরিবারের সদস্যরা জানিয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেনাকাটা করতে বের হওয়ার পর গাড়ির ভেতরে বিশ্রাম নেওয়ার সময় এসি থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় রাঙ্গুনিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে পৌঁছানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রাইমটিভি/এনজি