ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও জনবান্ধব করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু | ছবি: সংগৃহীত
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ধাপে ধাপে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করছে।
সোমবার ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে দেশসেবা করতে চাই। আগে অনেকে নিজেদের দেশের মালিক ভাবতেন। শুধু ‘আমি’ আর ‘আমার’ কথা বলতেন। আমরা বলতে চাই— ‘আমরা’ এবং ‘আমাদের দেশ’।”
তিনি আরও বলেন, ভূমি মন্ত্রণালয় নিয়ে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। সরকার জনগণের সেবক হিসেবে কাজ করতে চায় এবং এ পথে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সচেতন ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠানে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত সেবার আওতায় আনতে সরকার কাজ করছে।
তিনি বলেন, “আমরা যেসব স্বয়ংক্রিয় ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা চালু করেছি, সেগুলো এখনো প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পুরোপুরি পৌঁছায়নি। এমনকি শহরাঞ্চলের অনেক মানুষও এসব সেবা সম্পর্কে জানেন না। তাই জনগণকে সচেতন করতেই সারা দেশে এ মেলার আয়োজন করা হয়েছে।”
ভূমি মন্ত্রণালয়–এর সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারা দেশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হবে। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায় এবং জাতীয়ভাবে ঢাকার ভূমি ভবন–এ একযোগে এ মেলা আয়োজন করা হবে।
আগামী ১৯ মে সকাল সাড়ে ১০টায় তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন।
মেলায় ভূমিসেবা প্রদান, অটোমেটেড সেবার ধারণা, ভূমি রেকর্ড ও জরিপ, ব্যাংকিং সহায়তা এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্রসহ বিভিন্ন স্টল থাকবে। এছাড়া কুইজ প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভূমি আড্ডা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রমের আয়োজন করা হবে।
সাধারণ মানুষের মধ্যে “ভূমি আমার ঠিকানা” শীর্ষক বুকলেট, লিফলেট ও স্টিকারও বিতরণ করা হবে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




