চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট কোনো গ্রাফিতি অপসারণের নির্দেশ সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া হয়নি।

তিনি বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে চসিক সবসময় নগরের সৌন্দর্যবর্ধন ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছে।

মেয়র আরও বলেন, কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য আলাদা কোনো নির্দেশনা নেই।

বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার প্রশ্নই আসে না। চসিকের কোনো বিভাগ বা শাখাও এ ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করেনি বলে তিনি স্পষ্ট করেন।

এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি। এর আগে নগরের টাইগারপাস এলাকায় জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়।

বিষয়টি ঘিরে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়াও দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

পরে নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সব ধরনের জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

প্রাইমটিভি/এনজি