লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কুরবানির ঈদ উপলক্ষে বাবার বাড়ি থেকে খাসি ছাগল না দেওয়ায় এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত গৃহবধূ সুমি আক্তার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সুমি আক্তার কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের মেয়ে। তাঁর স্বামী আব্দুর রহিম রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের বাসিন্দা এবং মেজবাহ উদ্দিনের ছেলে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে স্বামী, শ্বশুর ও শ্বশুরবাড়ির সদস্যরা সুমির পরিবারের কাছে মোটা অঙ্কের যৌতুক এবং কুরবানির জন্য একটি বড় খাসি ছাগল দাবি করে আসছিলেন। দরিদ্র পরিবারের পক্ষে সেই দাবি পূরণ করা সম্ভব না হওয়ায় সুমির ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

পরিবারের দাবি, সোমবার (১৯ মে) শ্বশুরবাড়ির লোকজন সুমির মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়িয়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে লিটন দেওয়ান বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রাইমটিভি/কেআর