জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
দেশে জ্বালানি খাতে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. সাইফুল আলম, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান অংশ নেন।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি প্রসারে নেওয়া নীতিমালা ও বর্তমান পরিস্থিতি নিয়ে উপস্থাপনা করা হয়।
মন্ত্রণালয় জানায়, ফিলিং স্টেশন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করার কাজ চলমান রয়েছে। পাশাপাশি গ্যাস বিপণন নিয়মাবলি ২০১৪ হালনাগাদ করে “গ্যাস বিপণন নিয়মাবলি ২০২৬” প্রণয়ন করা হয়েছে।
বৈঠকে আরও জানানো হয়, চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী জুন মাসের শেষ দিকে পাইপলাইনের মাধ্যমে পুরোদমে তেল সরবরাহ শুরু হবে।
সভায় দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং কমিটির সদস্যরা বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
এ সময় জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় বিরোধীদলের সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ লিখিতভাবে কমিটির কাছে পাঠানোর আহ্বান জানানো হয়।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে।
এতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




