রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মো. জাহাঙ্গীর হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. মহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিদর্শক মো. শামীম হোসেন আদালতে আবেদন করে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার পরিকল্পনা ও অপরাধ সংঘটনে নূরুল ইসলাম সুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। ডিএমপির এসআই মো. মহিন জানান, জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি হিসেবে নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে আসামিপক্ষ তাঁর জামিন চেয়ে আবেদন করেছে। এ আবেদনের শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় গুলিবিদ্ধ হন মো. জাহাঙ্গীর। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে জাহাঙ্গীরের ভাই মো. ওমর ফারুক বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো এবং রিমান্ডে নেওয়া হয়েছে।

প্রাইমটিভি/কেআর