গরুর গাড়ি নিয়ে হাটে টানাটানি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ছবিঃসংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, হাটের বাইরে বা রাস্তায় গরুর গাড়ি বা পশুবাহী যানবাহন নিয়ে টানাটানি বা জোরজবরদস্তি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন, কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তা, ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিশেষ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজট এড়াতে হাটের সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না। ডিএমপি পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন দেবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঈদের সময় সড়ক খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে বলেন। এছাড়া, সব সরকারি সংস্থাকে সমন্বয় করে ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে অনুরোধ জানান।
সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষ ইউনিট, বাংলাদেশ ব্যাংক, প্রাণী সম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ডেসকো, ঢাকা জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি সেবাদানকারী সংস্থা, লবণ ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পশুর হাটের ইজারাপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। পরে উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং তাদের মূল্যবান মতামত দেন।
সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




