সরাসরি নিয়োগের দাবিতে ডিএনসিসির আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত- আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ
ঠিকাদারের মাধ্যমে নয়, বরং সরাসরি হাসপাতালের নিজস্ব নিয়োগভুক্ত সেবাকর্মী হিসেবে দায়িত্ব পালনের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করেছেন রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা।
আজ বুধবার (২০ মে) সকাল থেকে হাসপাতালের সামনে জড়ো হয়ে তারা এই বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনরত সেবাকর্মীদের দাবি, ২০২১ সালে করোনা মহামারির চরম সংকটের সময় থেকে তারা জীবনের ঝুঁকি নিয়ে এই হাসপাতালে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছেন। এতদিন হাসপাতাল কর্তৃপক্ষই সরাসরি তাদের বেতন-ভাতা পরিশোধ করে আসছিল। তবে আগামী ৩০ জুন বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। অভিযোগ উঠেছে, এই মেয়াদ শেষে নতুন করে ঠিকাদারি প্রতিষ্ঠানের (আউটসোর্সিং এজেন্সি) মাধ্যমে তাদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতাল প্রশাসনের এমন সিদ্ধান্তে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন কর্মরত ১৫৭ জন সেবাকর্মী। তাদের আশঙ্কা, ঠিকাদারের অধীনে চলে গেলে চাকরির কোনো নিরাপত্তা থাকবে না; সেই সঙ্গে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রেও তারা বৈষম্যের শিকার হবেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, "যখন দেশের মানুষ ঘরের বাইরে বের হতে ভয় পেত, তখন আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই ডেডিকেটেড কোভিড হাসপাতালে রোগীদের সেবা দিয়েছি। আজ মহামারি কেটে যাওয়ার পর আমাদের ঠিকাদারের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত অনভিপ্রেত।
সেবাকর্মীরা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে পূর্বের ন্যায় সরাসরি হাসপাতালের অধীনেই তাদের চাকরি পুনর্বহাল ও স্থায়ীকরণের দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




