রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীকে গ্রেফতার, আহত পুলিশ সার্জেন্টের সাহসিকতায় উদ্ধার স্বর্ণালংকার

ঢাকা, ১৯ মে: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পাবলিক টয়লেটের পাশে এক মহিলার কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ কামাল (২৭) এবং মোঃ মাসুদ (২৫)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে এক মহিলার কান থেকে মোঃ কামাল নামের এক ছিনতাইকারী স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় মহিলার চিৎকারে দায়িত্বে থাকা পুলিশ সার্জেন্ট দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করেন।

পরে ছিনতাইকারী কামাল ও তার সহযোগী মাসুদ পুলিশ সার্জেন্টের ওপর হামলা চালায়। তারা ব্লেড দিয়ে আঘাত করে পুলিশ সার্জেন্টের পরিধেয় প্যান্ট কেটে ফেলার চেষ্টা করে।

তবে পুলিশ সার্জেন্ট সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন এবং সহকর্মী পুলিশ কনস্টেবলের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন।

ঘটনাস্থল থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণের কানের দুলও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাইমটিভি/এনজি