হাসপাতালের রোগীদের খাবার মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত- স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে রোগীদের জন্য রান্না করা কুমড়ার তরকারি মুখে দিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ করে প্রশ্ন ছুড়ে দেন, “এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন ?”
বুধবার (২০ মে) খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রান্নাঘর পরিদর্শনে গিয়ে নিম্নমানের খাবার দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সফরে রেবিস ভ্যাকসিন সংকটের বিষয়েও অসন্তোষ জানিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে ভর্ৎসনা করেন মন্ত্রী।
আকস্মিক এ পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক হুরে জান্নাত।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবার পরীক্ষা করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে কুমড়ার তরকারির মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি তা মুখে দিয়ে ফেলে দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের জন্য মানসম্মত ও পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।
এর আগে হাসপাতালের রেবিস ভ্যাকসিন কর্নারে গেলে রোগী ও স্বজনরা মন্ত্রীর কাছে অভিযোগ করেন, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় তাদের বাইরে থেকে কিনতে হচ্ছে। অভিযোগ শুনে ক্ষুব্ধ মন্ত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীর কাছে কারণ জানতে চান।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ভ্যাকসিন সরবরাহ সংকটের কথা বললেও ঘটনাস্থল থেকেই ঢাকায় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন মন্ত্রী। তখন তিনি জানতে পারেন, ভ্যাকসিন সংগ্রহের জন্য প্রয়োজনীয় যোগাযোগ বা উদ্যোগ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়নি। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা ও রোগীদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। রোগীদের খাবার ও ওষুধ সরবরাহে গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




