নিষিদ্ধ আওয়ামীলীগ ফিরেনি, ফিরিয়ে আনা হয়েছে যেভাবে: মাহফুজ আলম

মাহফুজ আলম । ছবিঃ সংগ্রিহিত
জুলাই গণ-অভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি দাবি করেছেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক কারণেই দলটি আবারও রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেয়েছে।
মঙ্গলবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেন, “আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই? লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে।”
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘২৪ এর আন্দোলনকে ‘৭১ এর চেতনার বিপরীতে দাঁড় করানো, ডানপন্থী রাজনীতির উত্থানে অন্তর্বর্তী সরকারের কিছু অংশের ভূমিকা এবং আইনের শাসনের পরিবর্তে মব সংস্কৃতির বিস্তার আওয়ামী লীগকে আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ করে দিয়েছে।
মাহফুজ আলমের ভাষ্য অনুযায়ী, মাজারে হামলা, ভিন্নমতাবলম্বীদের মসজিদ থেকে বের করে দেওয়া, সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন এবং উগ্রবাদীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হওয়াও আওয়ামী লীগের ফিরে আসার অন্যতম কারণ।
তিনি আরও বলেন, ছাত্ররাজনীতির বিপ্লবী ধারা ধীরে ধীরে “মব কালচারে” রূপ নেওয়া এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টাও পরিস্থিতিকে জটিল করেছে।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মাহফুজ আলম দাবি করেন, সরকার রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তে আমলানির্ভর “কিচেন ক্যাবিনেট” দ্বারা পরিচালিত হতে শুরু করে। তার অভিযোগ, ওই বলয়ের অনেকেই বিএনপি, জামায়াত কিংবা আওয়ামী লীগের “ছুপা দালাল” হিসেবে কাজ করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনকেন্দ্রিক সমঝোতার মাধ্যমে সংস্কার ও বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক দরকষাকষির হাতিয়ারে পরিণত করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন কমিশন, ট্রাইবুনাল ও বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট মতাদর্শের লোকদের প্রভাব বাড়ানোও আওয়ামী লীগের পুনরুত্থানের পেছনে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।
মাহফুজ আলমের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি সরকার বা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




