কক্সবাজারে সেনা কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত- কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার
কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর ডাকাতিবিরোধী অভিযানকালে নির্মমভাবে খুন হওয়া সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে।আজ বুধবার (২০ মে, ২০২৬) দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। রায়ে মূলহোতাসহ ৪ জন আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে, ঘটনার মাত্র কয়েকদিনের মাথায় হত্যাকাণ্ডের মূলহোতা নাছির উদ্দিন ও তার প্রধান সহযোগী এনামুল হককে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথ বাহিনী।
যৌথ বাহিনীর চিরুনি অভিযান ও মূলহোতা গ্রেপ্তার: র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী জানান, চকরিয়া উপজেলার কাহারিয়াঘোনা এলাকায় কয়েকজন সন্দেহভাজন আসামি অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রিজার্ভপাড়ার নাছির উদ্দিন (৩৮) এবং মাইজপাড়ার এনামুল হক (৫০) দৌঁড়ে পালানোর চেষ্টা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া করে তাদের দুজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে দুটি দেশীয় তৈরি বন্দুক ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাছির স্বীকার করে যে, সে নিজেই লে. তানজিমের গলায় ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেছিল এবং এনামুল তাকে এই কাজে সরাসরি সহযোগিতা করে।
আজকের আদালতের রায় ও সর্বশেষ অবস্থা: হত্যাকাণ্ডের পর দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ১৯ জানুয়ারি চকরিয়া থানা পুলিশ মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ (২০ মে, ২০২৬) আদালত এই ঐতিহাসিক রায় দেন।
রায়ে ৪ আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৪ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ৫ আসামিকে বেকসুর খালাস দেয় আদালত। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা জোরদার করা হয় এবং দণ্ডপ্রাপ্তদের কড়া পাহারায় কারাগারে পাঠানো হয়।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




