হামের টিকা নিয়ে সতর্ক করে ৫ বার চিঠি দিলেও সাড়া দেয়নি অন্তর্বর্তী সরকার: অভিযোগ ইউনিসেফের

সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের সময় সম্ভাব্য টিকা–সংকট নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচটি চিঠি দিয়ে সতর্ক করেছিল ইউনিসেফ। একই বিষয়ে সরকারের কর্মকর্তাদের সঙ্গে ১০টি বৈঠকেও উদ্বেগ জানানো হয়েছিল। তবে টিকা ক্রয়প্রক্রিয়ায় পরিবর্তনের কারণে সময়মতো দেশে টিকা পৌঁছায়নি বলে মনে করে সংস্থাটি।
বুধবার (২০ মে) দুপুরে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়ের বিদ্যমান প্রক্রিয়ায় পরিবর্তন আনার পর থেকেই সরবরাহে বিলম্ব দেখা দেয়। তবে ইতিবাচক দিক হলো, দেশে ১ কোটি ৮০ লাখের বেশি শিশু হামের টিকা পেয়েছে এবং বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে।
সংবাদ সম্মেলনে টিকা–সংকটের কারণ, সংকট মোকাবিলায় ইউনিসেফের ভূমিকা এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর উপায় নিয়ে কথা বলেন রানা ফ্লাওয়ার্স। তিনি একাধিকবার উল্লেখ করেন, হামে শিশুমৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক।
টিকার সংকট ও হামে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সত্য উদ্ঘাটন গুরুত্বপূর্ণ। তদন্তে ইউনিসেফ সহযোগিতা করবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইউনিসেফ সব সময় সত্যের পক্ষে।’
টিকা সংগ্রহের পদ্ধতি নিয়েও কথা বলেন ইউনিসেফ প্রতিনিধি। তিনি জানান, সরকার চাইলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কিনতে পারে। তবে এ প্রক্রিয়ায় টিকা সংগ্রহে প্রায় এক বছর সময় লেগে যেতে পারে। অন্যদিকে ইউনিসেফের মাধ্যমে তুলনামূলক দ্রুত সময়ের মধ্যে টিকা সংগ্রহ সম্ভব। একই সঙ্গে তিনি টিকার পর্যাপ্ত মজুত নিশ্চিত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রাইম রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




