ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে উপজেলার খালকোলা গ্রামের মাঠের রাস্তায় ট্রাকটি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ নিশ্চিত করেছে, চালক আব্দুর রহমানের বাড়ি মাগুরা জেলার আড়পাড়া এলাকায়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, খালকোলা গ্রামের মাঠের পাশে রাখা ট্রাক থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন থেকে চালক আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, স্থানীয়দের সূত্রে জানা গেছে, ট্রাকটি গত তিন দিন ধরে ওই স্থানে ছিল।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে মৃত্যু হয়েছে, কারণ মরদেহ থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল।

ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

প্রাইমটিভি/এমএইচ