কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চালুর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

তিনি অভিযোগ করেন, দেশে বিভিন্ন ধরনের সামাজিক সুবিধা চালু থাকলেও সাধারণ মানুষ এখনো কাঙ্ক্ষিত ন্যায়বিচার থেকে বঞ্চিত।

বুধবার (২০ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত ওই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসপাতালগুলোতে আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানায় দালাল চক্রের দৌরাত্ম্যের মতো সমস্যাগুলো এখনো বিদ্যমান। ফলে সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে এখনো বিচারহীনতা ও দুর্নীতির পরিবেশ বিরাজ করছে। মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ সংকুচিত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গুম ও হত্যার ঘটনা পুরোপুরি বন্ধ না হওয়ায় অনেক ভুক্তভোগী আইনি সহায়তা নিতে ভয় পান বলেও দাবি করেন এনসিপির এই নেতা।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা না গেলে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম প্রশ্নবিদ্ধ থেকে যাবে।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

প্রাইমটিভি/এনজি