পশুর হাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, সাঁথিয়ায় ১৪৪ ধারা জারি

পশুর হাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা । প্রাইম টিভি
পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুর হাট ইজারাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অস্থায়ী পশুর হাট ইজারা নিয়ে অংশগ্রহণকারী পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও সংঘর্ষের আশঙ্কায় বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টা থেকে ঈদুল আজহার পূর্বদিন রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
এই সময়ের মধ্যে উক্ত এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক মানুষের একত্রে চলাফেরা, সভা সমাবেশ ও মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
জানা গেছে, সাঁথিয়া বাজার সংলগ্ন ইছামতী নদীর তীরে ডাইকের পাশে পরিত্যক্ত জায়গায় অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়ার জন্য মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদ হল রুমে নিলাম ডাকের আয়োজন করা হয়।

শর্ত অনুযায়ী নির্ধারিত অর্থ জমা দিয়ে ২৬ জন ইজারায় অংশ নেন। তবে বিএনপি ও জামায়াত সমর্থিত অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সে সময় নিলাম ডাক স্থগিত করা হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় আবারও নিলাম ডাকের আয়োজন করা হলে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক ও উত্তেজনা দেখা দেয়।
এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা উপজেলা পরিষদ হলরুম ত্যাগ করেন। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আইনশৃঙ্খলা রক্ষায় সাঁথিয়ার অস্থায়ী পশুর হাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




