রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক জরুরি বিবৃতিতে এ নির্দেশনার কথা জানানো হয়। একই সঙ্গে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।

আইনমন্ত্রী বলেন, এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে এবং অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না।

গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে ঘটে যাওয়া এই লোমহর্ষক হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পাশের একটি ফ্ল্যাটের বাথরুমে শিশু রামিসাকে ধর্ষণ করা হয়। সেখান থেকে গুরুত্বপূর্ণ আলামতও সংগ্রহ করেছে পুলিশ।

পুলিশের দাবি, ধর্ষণের পর হত্যাকাণ্ডকে আড়াল করতে শিশুটির মাথা বিচ্ছিন্ন করা হয়। এমনকি মরদেহের অন্যান্য অংশ টুকরো করারও চেষ্টা চালানো হয়েছিল। তবে দ্রুত বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় ঘাতকরা পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।

ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করে পুলিশ। সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এবং স্বপ্নাকে মিরপুরের একটি বাসা থেকে আটক করা হয়।

এ ঘটনায় পল্লবীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চলছে তীব্র প্রতিবাদ।

প্রাইমটিভি/এনজি