নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেয়ারিয়া এলাকায় সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, বসতঘর ভাঙচুর ও ভূমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে কেয়ারিয়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী প্রকৌশলী পবিত্র চন্দ্র সরকার, স্মৃতি রানী, স্থানীয় বাসিন্দা ও জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জজ মিয়া, যুবদল নেতা নাদিম মিয়াসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কেয়ারিয়া মৌজায় বহু বছর ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করছেন। কিন্তু বুধবার বিএনপির নাম ব্যবহার করে কিছু সন্ত্রাসী, ভূমিদস্যু জাহাঙ্গীর ও ইউসুফের পক্ষ নিয়ে, পবিত্র চন্দ্র সরকারের বাড়িতে জোর করে হামলা চালায়। তখন তারা বাড়িঘর ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

বক্তারা আরও বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ এখনো তদন্তে আসেনি। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রাইমটিভি/এমএইচ