সুন্দরবনে দস্যুদের কবল থেকে ২১ জেলে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও র‌্যাব। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ।

তিনি জানান, ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এর আওতায় পৃথক দুই অভিযানে দস্যু দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছ থেকে এসব জেলেকে উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সুন্দরবনের শিবসা নদীর বড় দুদমুখ খাল এলাকায় বড় জাহাঙ্গীর বাহিনীর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি ছুড়লে আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় বাহিনীটি।

পরে দস্যুরা বনের গভীরে পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১১ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও একটি ফাঁকা কার্তুজ।

অন্যদিকে খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগরের জেলেদের জিম্মি করে মুক্তিপণ দাবি করছিল দয়াল বাহিনী। ফিরিঙ্গি খাল ও কুনচিরখাল এলাকা থেকে অপহরণের পর জেলেদের আন্দারমানিকের টোটা ও কেওড়াতলা খাল সংলগ্ন এলাকায় রাখা হয়েছিল বলে জানায় কোস্ট গার্ড।

পরে বৃহস্পতিবার ওই এলাকাতেও বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় দস্যুরা পালিয়ে গেলেও তাদের কবল থেকে আরও ১০ জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড বলছে, সুন্দরবনে সক্রিয় দস্যু দমনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সপ্তম বারের মতো সফল অভিযান পরিচালনা করে ২১ জেলেকে উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রাইমটিভি/এনজি