ঢাকা ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ শুক্রবার (২২ মে) বিক্রি করা হচ্ছে আগামী ১ জুনের যাত্রার টিকিট। যাত্রীদের সুবিধার্থে আগের মতো এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

বাংলাদেশ রেলওয়ের ঈদ কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ইতিমধ্যে গতকাল ২১ মে বিক্রি করা হয়েছে ৩১ মে’র আসনের টিকিট। এ ছাড়া আগামী ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট আগামী ২৫ মে বিক্রি করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ ফিরতি যাত্রার এই বিশেষ সময়ে কেনা টিকিট যাত্রীরা কোনোভাবেই রেলওয়েকে ফেরত বা রিফান্ড করতে পারবেন না। একজন টিকিটপ্রত্যাশী একাউন্ট থেকে একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একের অধিক (২ থেকে ৪টি) আসন কেনার ক্ষেত্রে, টিকিট বুকিং করার সময় অবশ্যই বাকি সহযাত্রীদের নাম উল্লেখ করতে হবে।

অনলাইনে টিকিট কালোবাজারি রোধ এবং প্রকৃত যাত্রীদের ট্রেন যাত্রা নিশ্চিত করতেই এমন কড়াকড়ি নিয়ম ও শতভাগ অনলাইন ব্যবস্থা চালু রাখা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

প্রাইমটিভি/বিএম