সিলেটে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত

ছবি: সংগৃহীত
সিলেটে এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর সোয়া ১২টার দিকে নগরের কোতোয়ালি মডেল থানার পাশের তোপখানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন আচার্য র্যাব-৯–এর কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, ঘটনার পরপরই অভিযুক্ত আসাদুল আলম বাপ্পীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নগরের কিনব্রিজ এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক সেবন ও বিক্রি করছিলেন। স্থানীয়ভাবে তারা ছিনতাইকারী হিসেবেও পরিচিত। বিষয়টি টের পেয়ে পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া করলে তারা বিভিন্ন দিকে পালিয়ে যায়।
এ সময় আসাদুল আলম বাপ্পী তোপখানা এলাকার দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। ওই এলাকায় সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে পায়চারি করছিলেন র্যাব সদস্য ইমন আচার্য। তিনি আসাদুলকে আটকানোর চেষ্টা করলে আসাদুল তার বুকের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করেন।
পরে গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা ইমন আচার্যকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ছুরিকাঘাতের পর পালিয়ে যাওয়ার সময় আসাদুল তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে এক শিশুর গলায় ছুরি ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ কৌশলে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে হামলায় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




