চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। আজ শুক্রবার মক্কার বাংলাদেশ হজ অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, সর্বশেষ নতুন করে তিনজন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা সুলতানা চৌধুরী (৭৯) মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। বাকি দুজন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. কামাল হোসাইন (৬১) মদিনায় স্বাভাবিকভাবে মারা গেছেন।

এদিকে সরকারি হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। মোট ১৯৯টি ফ্লাইটে তারা জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছান।

বর্তমানে সৌদি আরবে অবস্থানরত হাজিদের স্বাস্থ্য ও অন্যান্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে আইটি ও হেল্পডেস্কের কার্যক্রম পুরোদমে চলছে। মক্কা ও মদিনায় স্থাপিত চিকিৎসা কেন্দ্র থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৪৪০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল হেল্পডেস্কের মাধ্যমে হজযাত্রীদের ২০ হাজার ২৮৮টি বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ আরাফাহর ময়দানে অবস্থানের মধ্য দিয়ে এই বছরের হজের মূল পর্ব অনুষ্ঠিত হবে।

প্রাইমটিভি/বিএম