সিলেট ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ছবি: সংগৃহীত
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (২২ মে) রাতে কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল পশ্চিমপাড়া গাংপার এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন সালমান শাহ (৩২) ও আলী হোসেন (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী কিশোরীকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। এ সময় ঘটনাস্থলে আরও একজন উপস্থিত ছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত সেখানে গিয়ে সন্দেহভাজন দুজনকে হাতেনাতে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা '৯৯৯'-এ ফোন দেওয়া হলে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়। বর্তমানে আটককৃতরা জালালাবাদ থানায় রয়েছেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন দুজনকে আটক করে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




