ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর; রামিসা হত্যায় এক মাসে সর্বোচ্চ শাস্তির ঘোষণা

প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ সালকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে কবির বাল্যস্মৃতি বিজড়িত দরিরামপুরের নজরুল একাডেমি মাঠের ‘নজরুল মঞ্চে’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন ও ‘নজরুল পুরস্কার ২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, একটি নিরাপদ, মানবিক রাষ্ট্র ও সাম্যের সমাজ প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন সুদৃঢ় করা এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন ঘটানো জরুরি। তিনি বলেন, অতীত শাসনামলে দেশের মানুষের অধিকার ও সম্পদ লুণ্ঠনের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছিল, যার প্রভাব এখনো সমাজে বিদ্যমান।
ঢাকার মিরপুরে শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ডকে মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। আগামী এক মাসের মধ্যে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সত্তার অবিচ্ছেদ্য অংশ। তিনি পরাধীন জাতির চেতনায় আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হয়েছিলেন এবং বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন জাগরণ সৃষ্টি করেছিলেন।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে ইতিহাস জানতে হবে এবং মূল্যবোধ ধারণ করতে হবে। নজরুলের জীবনদর্শন ও সৃষ্টিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করতে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের সরকারি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী জাতীয় আয়োজনের উদ্বোধনী পর্বের সমাপ্তি ঘটে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




